টানা দুই ম্যাচ জিতে আগেই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের ফাইনালে নাম লিখিয়েছিল সালমা খাতুনের বাংলাদেশ ব্লু দল। গতকাল ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ গ্রিন দল। সিলেটে লিগ পর্বের শেষ ম্যাচে গতকাল রুমানা আহমেদ ও রিতু মনির জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ রেড দলকে ৬ উইকেটে হারিয়েছে গ্রিন দল। দুই ম্যাচ হেরে বাদ পড়ল রেড দল।
আগামীকাল (১২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ব্লু দল ও গ্রিন দল। করোনার ধাক্কায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামা নারী ব্যাটাররা রান তুলতে সংগ্রাম করছিলেন। গতকাল অবশ্য কিছুটা রানের দেখা মিলেছে রেড-গ্রিন দলের ম্যাচে। তিনটি হাফ সেঞ্চুরি হয়েছে এ ম্যাচে।
গতকাল আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৭ রান তুলেছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন রেড দল। মূলত শারমিন আক্তার সুপ্তার হাফ সেঞ্চুরিতেই লড়াইয়ের পুঁজি পায় দলটি। তিনে নেমে সুপ্তা ১৪০ বলে চারটি চারে ৭২ রানের ইনিংস খেলেন। জাতীয় দলের এ ব্যাটার ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। জিন্নাত অর্থি ২২, ঝিলিক ১৮, লতা মণ্ডল ১৩ রান করেন। গ্রিন দলের দিশা বিশ্বাস, রিতু মনি, সানজিদা মেঘলা দুটি করে উইকেট পান। অভিজ্ঞ পেসার পান্না ঘোষও ১টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল গ্রিন দল। ৩৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসে দলটি। শারমিন সুলতানা, দিলারা দোলা, সানজিদা ইসলাম ও সুমাইয়া আক্তার দ্রুত ফিরে যান। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অভিজ্ঞ রুমানা ও রিতু মনি। তাদের ১২০ রানের জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শারমিন সুলতানার দল। ৪৭.২ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান করে জয় নিশ্চিত করে তারা। ৯টি চারে ৮০ রান করে অপরাজিত ছিলেন রুমানা। রিতু মনি অপরাজিত ৫১ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্সে রিতু মনি ম্যাচ সেরা হন। রেড দলের লতা মণ্ডল দুইটি, নাহিদা আক্তার ও পুজা চক্রবর্তী একটি করে উইকেট নেন।