বরিশাল বিভাগে নির্বাচিত চার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

চতুর্থ ধাপে গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বরিশাল বিভাগের চারটি পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ বুধবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশালের পরিচালক সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশালের বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, মুলাদী পৌরসভার মেয়র মো. শফিকউজ্জামান, ঝালকাঠীর নলছিটি পৌরসভার মেয়র আ. ওয়াহেদ খান এবং পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। একই সঙ্গে তিনি চার পৌরসভায় নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ৪৭ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।