নারীরা তাদের যোগ্যতার পরিচয় দিয়ে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছেন বলে মন্তব্য করেন বক্তারা। তারা বলেছেন, প্রশাসনের উচ্চপদে নারীর ক্ষমতায়ন ও পদায়ন করেছেন প্রধানমন্ত্রী। বর্তমানে আদালতে প্রায় ২ হাজার বিচারপতি রয়েছেন, তারমধ্যে পাঁচ শতাধিক নারী বিচারপতি। সচিব পদে নারী, মেজর জেনারেল নারী। আগে কখনো নারী এসপি ছিল না, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে নারী এসপি নিয়োগ দিয়েছেন। দেশে ১৫ হাজার নারী পুলিশ রয়েছেন, তার মধ্যে অনেকেই কর্মকর্তা। মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ইউএনও পদে অর্ধেকের বেশি নারী কর্মকর্তা। গতকাল বুধবার স্থানীয় একটি হোটেলে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের ৬৫তম সেশনের সিদ্ধান্তের বিষয়ে মতবিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ সভার আয়োজন করে। জাতিসংঘের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী ১৫-২৬ মার্চ কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের ৬৫তম সেশন অনুষ্ঠিত হবে। কোভিড মহামারির কারণে এ বছর সেশনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের নারীরা আজ এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে, তারা পুরুষের সমান কিংবা তার চাইতেও বেশি যোগ্যতার পরিচয় দিয়ে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছেন। ২০৪১ এর মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য কাজ করছে সরকার। সব আন্তর্জাতিক ঘোষণা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। এমডিজি অর্জনের সাফল্যের মতো নির্ধারিত সময়ের মধ্যেই সকলের সম্মিলিত প্রয়াসে এসডিজি অর্জন করতে সক্ষম হবে। প্রতিমন্ত্রীর বক্তব্যের পর সভায় এ বছরের ড্রাফট এগ্রিড কনক্লুশন বা খসড়া গৃহীত সিদ্ধান্তের ওপর মতামতের জন্য এগারোটি মন্ত্রণালয় এবং বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আইন ও সালিশ কেন্দ্র ও ব্র্যাকসহ ১০টি এনজিওর প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচটি দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিটি দলের মধ্য থেকে মতামত উপস্থাপন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, গত এক দশকে নারীর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান। সভায় ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনেটটিভ শোকো ইশিকাওয়া জাতিসংঘ মহাসচিবের কমিশন অন দি স্ট্যাটাস অব উইমেনের প্রতিপাদ্য বিষয়ে রিপোর্ট এবং খসড়া গৃহীত সিদ্ধান্তের বিষয়গুলোর ওপর আলোচনা করেন।