বাস থেকে প্রতিবন্ধী নারীকে ছুড়ে ফেলার মামলায় চালক-হেলপার রিমান্ডে

কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাক্প্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের বাসের চালক ও হেলপারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাইরুজ তাসনীম এ আদেশ দেন। পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—বাসচালক মো. সবুজ ও হেলপার নাহিদ।

৯ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ কুচিয়ামারা সেতু এলাকা থেকে সকালে আসামিদের গ্রেফতার করে র্যাব। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে। এর আগে গত ৭ই মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এন মল্লিক নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা বাক্প্রতিবন্ধী ঐ নারীকে। মাটিতে পড়ে অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন তিনি। পরে স্থানীয়রা গিয়ে তাকে মাটি থেকে তোলেন। এন মল্লিক বাস ঢাকা-নবাবগঞ্জ রুটে চলাচল করে।