মুজিববর্ষের শিক্ষাসামগ্রী পেল ৭ হাজার শিক্ষার্থী

শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, নিজ নিজ গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য ও মেধাবীদের উচ্চশিক্ষায় সহায়তা করলে দেশ ও জাতি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে। বর্তমান সরকার জন ও শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রাথমিক শিক্ষায় ব্যাপক উন্নয়ন করেছেন।

গতকাল বুধবার সকালে জেলার চাটখিল উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্মরণে রহমতউল্লা আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার শিশু শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলার চাটখিল উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।