করোনার কারণে বাড়ছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ

করোনার কারণে পদ্মা সেতু  প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ছে। তবে বাড়ছে না খরচ। বিষয়টি নিশ্চিত করেছেন সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন । তিনি বলছেন, করোনার কারণেই বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। তবে ভুলত্রুটি সংশোধনের সময়সহ প্রকল্পের মেয়াদ জুন ২০২৩ পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়েছে। তবে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ এক বছর বাড়লেও উদ্বোধন করা হবে ২০২২ সালের জুনেই। প্রকল্পসংশ্লিষ্টরা বলেছেন, প্রকল্পের বাস্তবকাজ আগের বেঁধে দেওয়া ২০২২ সালের জুনেই শেষ হবে।

প্রমত্তা পদ্মার বুক চিড়ে স্বপ্ন আজ দৃশ্যমান। প্রকল্পের সার্বিক কাজ এরই মধ্যে ৮৩ শতাংশ শেষ। সড়কপথের ২ হাজার ৯১৭টি রোড ডেকের মধ্যে এরই মধ্যে ২ হাজার ১০০টি বসানো শেষ। রেলের ২ হাজার ৯৫৯টির মধ্যে ২ হাজার ৩০০টি বসানো শেষ। এ অবস্থা চলতে থাকলে মূল সেতু ২০২২ সালের মার্চ আর পুরো  প্রকল্পের কাজ শেষ হবে জুনে। এতে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল পূর্বনির্ধারিত চলতি বছরের ৩০ জুন থেকে বাড়ানো হবে পদ্মা বহুমুখী পদ্মা সেতু নির্মাণের প্রকল্পের মেয়াদ। আর তাই প্রকল্পের মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে সেতু বিভাগ। এতে ব্যয় না বাড়িয়ে এক বছর ও ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডসহ আরো এক বছর অর্থাত্ জুন ২০২৩ পর্যন্ত  প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।