বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

বিদেশি অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে ------------ স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না। ১০ দিনব্যাপী অনুষ্ঠানে আগত রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিদেশি অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে অনুষ্ঠানস্থলে গেলে করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। গতকাল বুধবার সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গঠিত নিরাপত্তাবিষয়ক উপকমিটির সভা শেষে কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি সবাই বাংলাদেশকে ভালোবাসে, জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবাসে। এটা গণতান্ত্রিক দেশ। সবার বাক্স্বাধীনতা রয়েছে। কে কী বলল, অনেক সময় অনেকে অনেক কিছুই বলে থাকেন। যার কোনো অর্থ হয় না। জাতির পিতার উত্সব অনুষ্ঠান করার জন্য আমরা সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, জাতীয় প্যারেড স্কয়ারে নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম থাকবে। অনুষ্ঠানস্থল, অতিথিদের যাতায়াত, হোটেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ৯৯৯-এর মাধ্যমে জরুরি সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠান আয়োজন হবে। অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারির কারণে সরকারের নেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হলো।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন, আইজিপি ড. বেনজীর আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।