সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার অনুমোদন

সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৫২৭ কোটি ২৩ লাখ টাকা। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

সভায় অর্থমন্ত্রী বলেন, ক্রয় কমিটিতে সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটবইউ এলএনজি ভ্যাট ও ট্যাক্সসহ সর্বমোট ২৭৮ কোটি ৭০ লাখ টাকায় অটো ট্রেডিং এজি সুইজারল্যান্ডের কাছ থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া পেট্রোবাংলা কর্তৃক ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ভ্যাট ও ট্যাক্সসহ সর্বমোট ২৪৮ কোটি ৫৩ লাখ টাকায় সিঙ্গাপুরের ভিটোল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজির প্রতি ইউনিট দাম কত হবে—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সুইজারল্যান্ড থেকে এলএনজি প্রতি ইউনিটের দাম পড়বে ৮ দশমিক ৩৪৫ মার্কিন ডলার। সিঙ্গাপুর থেকে দাম পড়বে ৭ দশমিক ৪৪২১ মার্কিন ডলার।

সিঙ্গাপুরের ভিটোল এশিয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত এ ধরনের তথ্য বিভিন্ন পত্রপত্রিকায় উঠে এসেছে। আমরা অনেক চেষ্টা করেও এ ধরনের কোনো অভিযোগ পাইনি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের মন্ত্রণালয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এছাড়া বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘কুড়িগ্রাম (দাসেরহাট) নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ-২ এর পূর্তকাজ ১৩৬ কোটি ২৪ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারত থেকে দেড় লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল, জি টু জি পদ্ধতিতে থাইল্যান্ড থেকে দেড় লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং ভিয়েতনাম হতে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।