প্ররোচনার ফাঁদে পা দেবেন না, দুর্নীতি যেন না হয়

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘নতুন ব্যাংক ব্যবসাবাণিজ্যে গভীরতা বাড়াবে। দেশের আর্থিক অন্তর্ভুক্তির জন্য ব্যাংকের দরকার রয়েছে।’ গতকাল রাতে একটি বেসরকারি ব্যাংকের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্নীতি থেকে বেঁচে থাকার জন্য নতুন ব্যাংকটির পরিচালকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো প্ররোচনার ফাঁদে আপনারা পা দেবেন না। নিয়োগ থেকে শুরু করে কোনো বিষয়েই যাতে দুর্নীতি না হয় সেদিকে খেয়াল রাখবেন।’

রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থমন্ত্রী বলেন, যখন নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছিল তখন প্রধানমন্ত্রীকে অনেকেই অনেক নেতিবাচক কথা বলেছেন। বলা হয়েছিল নতুন ব্যাংক দিলে বর্তমান ব্যাংকগুলোর ক্ষতি হবে। তবে প্রধানমন্ত্রী মনে করেছিলেন দেশে আরো ব্যাংক দরকার আছে, এজন্যই তিনি অনুমোদন দিয়েছেন। গত আট মাসে রেমিট্যান্স প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে বলে অর্থমন্ত্রী অনুষ্ঠানে জানান। এ ব্যাপারে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্বাধীনতা দিবসে লেজার ও ড্রোন শো হচ্ছে না

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লেজার শো, ড্রোন শো হচ্ছে না। গতকাল বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আমরা ঠিক করেছিলাম এমন একটা বর্ণাঢ্য আয়োজন করব, যা এদেশের মানুষ কখনো দেখেনি। কিন্তু এখন যেহেতু করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে। এসব শো করলে অনেক ছেলে মেয়ে পরিবারসহ চলে আসবে এবং সেখানে সোশ্যাল দূরত্ব বজায় রাখা যাবে না। এ কারণে এই দুটো অপশন বাদ দিয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।