যে ছবি কথা বলে: হাতজোড় করে রাস্তায় মিয়ানমারের সেনাবাহিনী

অশান্ত মিয়ানমারের আরও এক ভয়ঙ্কর ছবি উঠে এসেছে। একজন বয়স্ক নানের (সন্ন্যাসিনী) সামনে সেনাবাহিনীর নৃশংস আচরণের তীব্র নিন্দা শুরু হয়েছে বিশ্বজুড়ে। দেশটিতে বিক্ষোভ করার কারণে আটকে রাখা হয়েছে অনেক নারীকে। মঙ্গলবার (৯ মার্চ) তাদের মুক্তির দাবি রাস্তায় নামেন ক্যাথলিক চার্চের সন্ন্যাসিনীরা।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা গেছে, নান অ্যান রোজ সরাসরি সেনা সদস্যদের সামনে গিয়ে বিক্ষোভকারীদের প্রাণভিক্ষা চান। হাঁটু মুড়ে বসে বলেন, “গুলি করতে হয় আমাকে করো, আমার সন্তানদের অত্যাচার বন্ধ করো।”

এ সময় দু’জন সেনা সদস্যকে জোড়হাতে নানের সামনে বসে পড়তেও দেখা যায়। তারা অ্যানকে সেই জায়গা থেকে চলে যাওয়ার অনুরোধ করেন। কয়েক মিনিটের জন্য গুলি চালানো বন্ধ হয়। কিন্তু তারপরই ফের হিংস্র হয়ে উঠতে দেখা যায় সেনাদের। সন্ন্যাসিনীকে আড়াল করে তার পিছনে থাকা বিক্ষোভকারীদের গুলি করে সেনারা।

মিয়ানমারে শহরে শহরে কার্ফু জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের জমায়েত হতে দেখলেই নিক্ষেপ করা হচ্ছে কাঁদানের গ্যাসের সেল। নির্বিচারে গুলি চালাচ্ছে সশস্ত্র সেনা সদস্যরা। মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত আরও শতাধিক।

ইত্তেফাক/এসএ