করোনায় মৃত্যুর রেকর্ড ব্রাজিলে

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনার ভয়াবহতা আবারও বেড়েছে। ভাইরাসটির কারণে দেশটিতে প্রথমবারের মতো একদিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সংক্রমণের হারও বেড়েছে।

জানা যায়, করোনায় প্রাণহানির সংখ্যায় ব্রাজিল বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ৯১৭ জনের। সবশেষ বুধবার (১০ মার্চ) ব্রাজিলে ২ হাজার ২৮৬ জন করোনায় মারা গেছেন। যা একদিনে দেশটিতে মৃত্যুর দিক দিয়ে রেকর্ড।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেভাবে দেশটিতে করোনা সংক্রমণ হচ্ছে, তাতে মনে হচ্ছে অবস্থা আরও খারাপের দিকে যাবে পরিস্থিতি।

সঙ্কটাপন্ন এই পরিস্থিতির জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে দুষছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা। মহামারি চলাকালীন প্রেসিডেন্টের নেয়া সিদ্ধান্তগুলোকে ‘বোকামি’ আখ্যা দিয়েছেন তিনি।

ব্রাজিলের শীর্ষস্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র ফিয়োক্রুজ এক সতর্কবার্তায় জানায়, ব্রাজিলের বড় বড় শহরগুলোর স্বাস্থ্য ব্যবস্থা প্রচণ্ড চাপের মুখে রয়েছে। ইতোমধ্যে অনেক হাসপাতাল রোগীদের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে।

বর্তমানে দেশটির ২৭টি রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই।

ইত্তেফাক/টিআর