জাবিতে তিন দিনব্যাপী ‘ইংলিশ জুবিলী লিটফেস্ট’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে অনলাইনে ‘ইংলিশ জুবিলী লিটফেস্ট’ শীর্ষক সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

জানা যায়, সবার জন্য উন্মুক্ত এ সাহিত্য উৎসবে বাংলা ও ইংরেজিতে মোট ১৮টি সেশন থাকছে। এর মধ্যে ১৩টিতে থাকবে সাম্প্রতিক শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কবিতা, চলচ্চিত্র ও সঙ্গীত নিয়ে আলাপন। দেশ-বিদেশের ৪০ জনেরও বেশি লেখক, গবেষক, অনুবাদক, চলচ্চিত্র পরিচালক ও তরুণ প্রতিভাবান ব্যক্তিরা সাহিত্য উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

উৎসবের প্রথম দিন শুক্রবার রাত ১১টায় অনলাইনে নাটক পরিবেশন করবে ভারতের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব। এ ছাড়া সমাপনী দিনে রিকশা-আর্টের উপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হবে।

বাংলাদেশের স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবেই এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইত্তেফাক/এসসিএস