মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা। সংবাদ সম্মেলনে মিয়ানমারের সেনাবাহিনী অভিযোগ তুলে জানিয়েছে, ক্ষমতায় থাকাকালীন ছয় লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় পাঁচ কোটি আট লাখ ৮৮ হাজার ৭১৮ টাকা) ও স্বর্ণ ঘুষ গ্রহণ করেন সু চি।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, পুলিশের গুলিতে আটজন বিক্ষোভকারী নিহতের দিন সংবাদ সম্মেলনে সামরিক জান্তার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন সু চির এবং তার সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট ও বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনার কথা জানান।
ক্ষমতা দখল ও সু চিকে বন্দি করার পর থেকেই মিয়ানমারে সামরিক অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভ চলছে। বন্দি নেতার ছবি নিয়ে মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন জান্তাবিরোধীরা। আজ বৃহস্পতিবার বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কয়েকজন বিক্ষোভকারীর মাথায় গুলি করা হয়েছে।
জাতিসংঘসহ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশ অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে বেসামরিক হত্যার নিন্দা জানিয়েছে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে সেনাবাহিনী তাদের পদক্ষেপের সমালোচনা খারিজ করে সহিংসতার জন্য সু চিকেই দায়ী করেছে।
ইত্তেফাক/এএইচপি