গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এতে ভুট্টা খেতের ব্যাপক ক্ষতিসহ গাছপালা ভেঙে গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুত্ সরবরাহও বন্ধ রয়েছে। জানা যায়, ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের গাউছিয়া বাজার, কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়া, আলেকিসামত এলাকায় বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া তিস্তার চরাঞ্চলের উঠতি ফসল তামাক, ভুট্টা, সূর্যমুখী ফসলের ক্ষতি হয়েছে বেশি। গাউছিয়া বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বিধবা মজিতনের একটি ঘর ভেঙে মাটিতে পড়ে গেছে। কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব আলী রাজু বলেন, ‘তার এলাকায় প্রায় ২০০ বাড়ি ভেঙে গেছে। তাছাড়া তামাক ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে।’ নোহালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটু জানান, তার ইউনিয়নে চরাঞ্চলের তামাক ও ভুট্টার ক্ষতি হয়েছে অনেক। মর্নেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ জানান, তার ইউনিয়নে ২০/২৫টি ঘরের ক্ষতি হয়েছে। তাছাড়া অন্যান্য এলাকায় তারের ওপর গাছপালা ভেঙে পড়ায় উপজেলায় বিভিন্ন এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুর ইসলাম জানান, ভুট্টার কিছু ক্ষতি হয়েছে। তবে সূর্যমুখীর ক্ষতিটা বেশি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘরবাড়ির ক্ষতির হিসাব এখনো তারা পাননি।