জাবিতে তিন দিনব্যাপী সাহিত্য উত্সব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে অনলাইনে ‘ইংলিশ জুবিলী লিটফেস্ট’ শীর্ষক সাহিত্য উত্সবের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তিন দিনব্যাপী উত্সবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সবার জন্য উন্মুক্ত এ উত্সবে বাংলা ও ইংরেজিতে ১৮টি সেশন থাকছে। ১৩টিতে থাকবে শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কবিতা, চলচ্চিত্র ও সংগীত নিয়ে আলোচনা। দেশ-বিদেশের ৪০ জনেরও বেশি লেখক, গবেষক, পণ্ডিত, অনুবাদক, চলচ্চিত্র পরিচালক ও তরুণ প্রতিভাবান ব্যক্তিরা উত্সবে অংশগ্রহণ করবেন। আজ রাত ১১টায় অনলাইনে নাটক পরিবেশন করবে ভারতের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব। সমাপনী দিনে রিকশা-আর্টের ওপর তথ্যচিত্র উপস্থাপন করা হবে। বাংলাদেশের স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবেই উত্সবের আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।