কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে এবার পর্যটকের মৃত্যু

কাপ্তাইয়ে এবার বন্যহাতির আক্রমণে অভিষেক পাল (২১) নামে এক পর্যটকের প্রাণ গেল। সে ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র ও ফেনীর মাস্টারপাড়ার সুধাংশু বিকাশ পালের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়।

বেড়াতে আসা নিহতের বন্ধু সাদমান সোবহান উদয় জানান, তারা ছয় বন্ধু সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে সিএনজিযোগে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৯টার দিকে সড়কের মধ্যে দুইটা হাতির মুখোমুখি হন তারা। অভিষেক সিএনজি থেকে নেমে বনের দিকে দৌড়ে পালানোর সময় পেছনে পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসার আগে পথিমধ্যে সে মারা যায়।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়। বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর নিহতের লাশ দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও রফিকুজ্জামান শাহ, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন।