সখীপুরের ঘোনারচালা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘোনারচালা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদস্যরা ভোট দেন। এতে কার্যকরী পরিষদের ৯টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ছয়টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় সখীপুর উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৩৯ জন ভোটারের মধ্যে ২৮৪ জন ভোট দিয়েছেন। মোসলেম উদ্দিন ১২৮ ভোট পেয়ে সভাপতি এবং মুহাম্মদ আনোয়ার হোসেন ১৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও সহসভাপতি পদে আকবর হোসেন, সহসাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন তালুকদার, প্রচার সম্পাদক পদে মজিবর রহমান এবং দপ্তর সম্পাদক পদে আবদুল লতিফ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ফারুক হোসেন তালুকদার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহীন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।