দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এপ্রিলের মাঝামাঝি শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। সফরের প্রস্তুতি হিসেবে লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন টেস্ট দলের নিয়মিত ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ মার্চ শুরু হবে দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।
শ্রীলঙ্কা যাওয়ার আগে এনসিএলে দুই রাউন্ড খেলবেন মুমিনুল হক, আবু জায়েদ রাহীরা। গতকাল এ তথ্য জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ইতিমধ্যে এনসিএলের দলগুলো চূড়ান্ত হয়ে গেছে। প্রতিটি দলে থাকবেন ১৮ জন ক্রিকেটার।
গতকাল মিরপুর স্টেডিয়ামে এনসিএলের দল গড়া সম্পর্কে নান্নু বলেছেন, ‘আমরা দলগুলো তৈরি করতে অধিনায়ক ও কোচের সঙ্গে বসি। আমরা আট বিভাগের সঙ্গে বসেছি এবং মোটামুটি ১৮ জন করে দল তৈরি করে দিয়েছি।’
ক্রিকেটারদের করোনা টিকা প্রদান সাপেক্ষে শুরু হবে এনসিএল। প্রধান নির্বাচক বলেন, ‘২২ মার্চ একটা তারিখ দেওয়া আছে। এখন টিকা কবে নেয় সেটার ওপর নির্ভর করছে। আমরা আমাদের কাজ এগিয়ে রেখেছি।’
মুমিনুলরা দুই রাউন্ড খেলবেন জানিয়ে নান্নু বলেন, ‘এখন যারা টেস্ট দলের ক্রিকেটাররা দেশে আছে ওরা দুই রাউন্ড খেলতে পারবে। আমাদের তৃতীয় রাউন্ড হবে ৫ এপ্রিল থেকে।’
এছাড়া শ্রীলঙ্কা গিয়েও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ টেস্ট দল। তাই নিউজিল্যান্ড ফেরত ক্রিকেটাররাও লাল বলে প্রস্তুতি নিতে পারবেন কলম্বোতে টেস্ট খেলতে নামার আগে।