শুরু থেকে শেষ পর্যন্ত খেলে গেলেন একই মেজাজে। দুই দিনে ফাঁদে ফেলার অনেক চেষ্টাই করে গেছে জিম্বাবুয়ে। তাতে পা দেননি হাশমতুল্লাহ শাহিদি। অটল ছিলেন নিজের পরিকল্পনায়। খেলে গেছেন বল অনুযায়ী। তাতে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে করলেন ডাবল সেঞ্চুরি।
গতকাল বৃহস্পতিবার আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এই চূড়ায় উঠেন তিনি। ৪৪৩ বলে ২১ চার, ১ ছক্কায় বাঁহাতি ব্যাটসম্যান স্পর্শ করেন ডাবল সেঞ্চুরি। এরসঙ্গে অধিনায়ক আসগর আফগানের ১৬৪ রানের বড় ইনিংসে ৪ উইকেটে ৫৪৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে সিরিজে পিছিয়ে থাকা আফগানরা। শেষ বিকালে ব্যাট করতে নেমে ১৭ ওভার খেলে বিনা উইকেটে ৫০ রান করেছে জিম্বাবুয়ে। প্রিন্স মাসবাউরে ব্যাট করছেন ২৯ রানে, তার সঙ্গী কেভিন কাসুজার রান ১৪। দুই দল মিলিয়ে দ্বিতীয় দিনে এসেছে ২৮৮ রান, উইকেট পড়েছে মাত্র ১টি।