‘আগামী শুটিং নিয়ে কিছু বলতে পারছি না’

স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াত্ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২ মার্চ কোভিড-১৯ প্রতিরোধী টিকা নেওয়ার পর ৬ মার্চ থেকে প্রচণ্ড জ্বর আসে তার শরীরে। এ কারণে ৮ মার্চ স্বামী-স্ত্রী দু’জনই করোনা পরীক্ষা করান। এতে দু’জনেরই ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন এই নির্মাতা।

কাজী হায়াত্ বলেন, ‘টিকা নেওয়ার পর প্রথমদিন ৩-৪ দিন কোনো সমস্যা হয়নি। স্বাভাবিক ছিলাম সেসময়। কিন্তু ৬ তারিখ থেকে প্রচণ্ড অনুভব করি। এমন অবস্থা দু-দিন থাকায় ৮ মার্চ করোনা টেস্ট করি। এতে ফল পজিটিভ এসেছে। সঙ্গে আমার মিসেসও করোনায় আক্রান্ত হয়েছেন।’ তবে করোনা আক্রান্তের জন্য তিনি অসর্তকতাকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘পুরোপুরি অসতর্কতার কারণে হয়ে এটা হয়েছে বলে আমার মনে হচ্ছে। অনেক সময় তো ভুলে নাকে মাস্ক থাকে না। লিফটে নিয়মিত ওঠানামা করেছি। তবে ভালো খবর হলো, জ্বরসহ অন্যকোনো লক্ষণ আর নেই। বর্তমানে অনেকটাই সুস্থবোধ করছি। দোয়া করবেন।’ করোনা আক্রান্তের আগে শুটিং করলেও আবার কবে শুটিংয়ে ফিরতে পারবেন সেটা অনিশ্চিত। কাজী হায়াত্ বলেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলতে পারছি না। যখন নিজেকে পুরোপুরি সুস্থ মনে করবো তখনই কাজে ফিরবো। আপাতত ডাক্তারের নির্দেশনা মেনে চলতে চাই।’ কাজী হায়াত্ বর্তমানে নিজের বাসায় থেকে চিকিত্সকের পরামর্শ মেনে চলছেন।