প্রতিটি গ্যাস সিলিন্ডার পরীক্ষা করা প্রয়োজন

গ্যাস সিলিন্ডার যেন এক একটি বোমা! তা সে বাসায়ই হোক বা হোক সে গাড়িতে। আমরা দেখতে পাচ্ছি, প্রায়ই বাসায় বা গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে। এর জন্য দায়ী কারা? ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার নিয়ে গাড়িগুলো চলাচল করে। সাধারণ মানুষের জীবন যায়। আর বাসার গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করা তো আরো ঝুঁকিপূর্ণ। বাসায় সিলিন্ডার বিস্ফোরণে এক একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান করা অতি জরুরি। দ্রুত সমস্যাটির সমাধানই পরিবার কিংবা এক একটি জীবন রক্ষা করবে। এই সিলিন্ডারগুলো দেখতে যতই শক্তিশালী বা মজবুত মনে হোক না কেন, একটি নির্দিষ্ট মেয়াদ পরপর পুনঃপরীক্ষা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে কি তা হচ্ছে? সিলিন্ডারযুক্ত গাড়ি নির্দিষ্ট মেয়াদে রি-টেস্ট না করলে সে সমস্ত গাড়ি রাস্তায় চলাচল নিষিদ্ধ করা হোক। আর বাসা-বাড়িতে ব্যবহার করা সিলিন্ডার মানসম্পন্ন কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন। এক্ষেত্রে সরকারের ‘বিস্ফোরক পরিদপ্তর’কে কাজে লাগানো যেতে পারে। বিষয়টির প্রতি সরকারের নীতি নির্ধারণী মহল দৃষ্টি দেবেন বলে আশা করি।

এম আই করিম

ময়মনসিংহ