বেপরোয়া ট্রাকচালকদের থামাতে হবে

দূরপাল্ল­ার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদির মুখোমুখি সংঘর্ষে প্রায়ই আহত এবং নিহত হওয়ার খবর গণমাধ্যমের শিরোনাম হয়। যার জন্য ড্রাইভারদের বেপরোয়া ও প্রতিযোগিতার মনোভাব অনেকাংশেই দায়ী। রয়েছে কর্তৃপক্ষীয় উদাসীনতাও। বিশেষ করে ট্রাক ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানো চোখে পড়ার মতো। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের চিত্র দেখে যে কারো মনে হতে পারে হাইওয়ে শুধু ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের জন্য। পূর্ণ স্বাধীনতা ও স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে তারা রাস্তার ডান ও বাম সব লেন দখল করে চলাচল করছে প্রতিদিন, দেখার কেউ নাই! একবার রাস্তার বাম থেকে ডানে কিংবা ডান দিক থেকে বামে অর্থাত্ ঘন ঘন লেন পরিবর্তন করে নিজদের ইচ্ছেমতো চলাচল করছে। যার ফলে প্রাইভেট কারগুলো গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খায়। কখনোবা সংঘর্ষে দুর্ঘটনা ঘটে যায়। এছাড়াও গভীর রাতে ট্রাক ড্রাইভারদের একচেটিয়া আধিপত্য বেশি নজরে আসে। ফলে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে। রাস্তার ডান পাশের লেন দখল করে ট্রাক ড্রাইভারদের এমন স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে। এছাড়াও সব রকম ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান রাস্তার শুধু বাম লেনে চলার জন্য বাধ্য করতে হবে এবং নিয়ম না মানলে জরিমানা করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করি।

মামুন হোসেন আগুন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,

ঢাকা কলেজ