মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অনুষ্ঠানে যোগ দিতে চলতি মার্চ মাসেই ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ—ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কার শীর্ষ নেতারা। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে না পারলেও চীনের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রী ভিডিও বক্তব্য পাঠাবেন। চীনা প্রেসিডেন্টের বার্তা নিয়ে দেশটির একজন মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ঢাকায় আসবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক জোরালো হবে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সরাসরি ও ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিদেশি নেতাদের সঙ্গে আমাদের বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। বেশ কিছু চুক্তিও সই হবে। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্বপূর্ণ মজবুত সম্পর্ক গড়ে তোলা।
কূটনৈতিক সূত্র জানায়, পাঁচ বিদেশি নেতাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা। ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলবে।