জেপির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের ইন্তেকাল

জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শরীফ শফিকুল হামিদ চন্দন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মাসখানেক আগে শরীফ শফিকুল হামিদ চন্দন করোনায় আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্টজনিত কারণে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকালে তাকে খুলনার বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী ও  দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শরীফ শফিকুল হামিদ চন্দন ১৯৭৩ সালে খুলনা সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় (বিএল) কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি খুলনা মহানগরীর পাবলার স্বনামধন্য শিক্ষক আবুল কাশেমের ছেলে।

জেপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের শোক

জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে পার্টির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে জেপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এস রাশিদা করিম, খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সহসভাপতি ড. এস এম জাকারিয়া, গাজী আব্দুস সামাদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, মহানগর জেপির সভাপতি কাজী মাসুদ আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. এম এন আলম, মহানগর জেপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলামসহ জেপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।