ক্ষমতায় টিকে থাকতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে :ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার জোর করে রাষ্ট্রক্ষমতায় আছে। ক্ষমতায় টিকে থাকার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বিতর্কিত আইন তৈরি করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে ‘মিথ্যাচার ও তার খেতাব বাতিলের চক্রান্ত’, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার ও ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তব্য দেন।        মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে  দেশের মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, লেখার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সরকার খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলা’ দিয়ে আটকে রেখেছে। তারেক রহমানও ‘বেআইনি সাজা’ মাথায় নিয়ে নির্বাসিত হয়েছেন। যারা রাজনীতি করেন না, তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটকে রাখা হয়েছে। কার্টুনিস্ট কিশোরের ওপর নির্যাতন করা হয়েছে। মুশতাক আহমেদ কারাগারে মারা গেছেন। সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে গ্রেফতার সবাইকে মুক্তি দিতে হবে। এছাড়া বর্তমান নির্বাচন কমিশন দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আমানউল্লাহ আমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সমাবেশ। এ সমাবেশ যখন বড় হচ্ছে, তখন তোপখানা রোড-পল্টন মোড়, মত্স্য ভবন, দোয়েল চত্বর ও সচিবালয়ের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, বাস বন্ধ করে দেওয়া হয়েছে।