দক্ষিণখানে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

রাজধানীর দক্ষিণখানের আশকোনা মেডিকেল রোড এলাকায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শ্যালক মো. হানিফ (২৮)। অভিযুক্ত দুলাভাই জুয়েল রানা পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত হানিফ ও তার দুলাভাই জুয়েল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন।

দক্ষিণখান থানা পুলিশ জানিয়েছে, হানিফ ও জুয়েল আশকোনার দক্ষিণ গাওয়াইর এলাকায় একই বাসায় বসবাস করতেন। বাসার অগ্রিম ভাড়ার টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাসায় থাকা ফল কাটা ছুরি এনে হানিফের পেটে ঢুকিয়ে দেন জুয়েল। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে জুয়েল পালিয়ে যান। গুরুতর অবস্থায় হানিফকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা।

কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন, হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। শ্যালককে খুন করে জুয়েল সদরঘাটে চলে যান। তার গ্রামের বাড়ি বরগুনায় পালানোর উদ্দেশ্যে একটি লঞ্চে ওঠেন। লঞ্চে উঠামাত্র পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

ইত্তেফাক/এসআই