স্বাস্থ্যের গাড়িচালক মালেকের বিচার শুরু

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এ মামলায় মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৫ থেকে ৮ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ সময় মালেক নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। গত ১১ জানুয়ারি র্যাবের এসআই মেহেদী হাসান আদালতে মালেকের বিরুদ্ধে চার্জশিট দেন।

মালেকের পক্ষে তার আইনজীবী আব্দুল মান্নান অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এর বিরোধিতা করে অভিযোগ গঠনের আর্জি জানান। শুনানি শেষে বিচারক আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ দেন।

অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তুরাগে গাড়িচালক আবদুল মালেকের রয়েছে ২৪টি ফ্ল্যাটবিশিষ্ট দুটি সাততলা বিলাসবহুল বাড়ি। একই এলাকায় ১২ কাঠার প্লট। এছাড়া হাতিরপুলে ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছে।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনকে জিম্মি করে চিকিত্সকদের বিষয়ে হস্তক্ষেপ করতেন মালেক। চিকিত্সকদের বদলি-পদোন্নতিতেও ছিল তার হাত। নিয়োগ, বদলি ও পদোন্নতিতে তদবিরের নামে হাতিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। বনে গেছেন শত শত কোটি টাকার মালিক।