বরিশালে এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস কক্ষে হাতকড়া পরিয়ে হাতে ইয়াবা দিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পরিদর্শক আব্দুল মালেক তালুকদারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত বুধবার এক অফিস আদেশে তাকে বরিশাল কার্যালয় থেকে প্রত্যাহার করে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়।
অপরদিকে সংস্থার মহাপরিচালকের নির্দেশে ঐ ঘটনা তদন্ত করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক। দ্রুত সময়ের মধ্যে অভিযোগ তদন্ত করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবেদন দেওয়ার কথা বলেন সংস্থার বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু। তদন্তে আসামি নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাতে নগরীর কাউনিয়া বিসিক রোড থেকে মারুফ সিকদার নামে এক যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে ঐ যুবককে কার্যালয়ে নিয়ে হাতকড়া পরিয়ে হাতে ইয়াবা দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে সংস্থার পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও চিত্র ফাঁস হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে প্রত্যাহার এবং ঘটনা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।