মোদিকে ধন্যবাদ জানিয়ে কানাডায় বিলবোর্ড

সম্প্রতি ভারতে তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের পাঁচ লক্ষ ডোজ কানাডাকে পাঠিয়েছে ভারত। এরপর আরও ১৫ লক্ষ ডোজ সেখানে পাঠানো হবে। আর এই ভ্যাকসিন পাঠানোর জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে সেদেশে টাঙানো হল বড় বিলবোর্ড। কানাডার গ্রেটার টরেন্টো এলাকায় বিশালাকার ওই বিলবোর্ডটি রয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) এ খবর জানিয়েছে ইয়াহু নিউজ।

কয়েকদিন আগেই করোনার টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর এদিন করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। খোদ প্রধানমন্ত্রী টুইট করে সেকথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি লেখেন, “আমার মা আজ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলেন। আপনারাও আশপাশের লোকজনকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করুন।”

চলতি বছরের ২০ জানুয়ারি থেকেই ভারতে তৈরি ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশকে পাঠানো হয়েছে। কোনো দেশকে তা বিনামূল্যেই পাঠানো হয়েছে তো কোনো দেশের কাছে তা বিক্রি করা হয়েছে। ইতিমধ্যে ভ্যাকসিনের ৪ কোটি ৮১ লক্ষ ডোজ বিশ্বের বিভিন্ন দেশকে পাঠিয়েছে ভারত। এরপর ৪ মার্চ অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিনকে সেদেশে ব্যবহারের অনুমতি দেয় কানাডা প্রশাসন। তারপরই ভারতের তরফ থেকে পাঁচ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়।

ইত্তেফাক/এসএ