সীতার ভূমিকায় কৃতি!

বিনোদন ডেস্ক

 

প্রতিটি কাজেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা সব তারকাই করে থাকেন। সেই ধারাবাহিকতার ব্যতিক্রম নন এ সময়ের জনপ্রিয় বলিতারকা কৃতি শ্যানন। প্রতিটি সিনেমায় নিজেকে ভাঙার চেষ্টা করেন তিনি। এবার তেমনই একটি খবরে শিরোনাম হলেন কৃতি। প্রভাব ও সাইফ আলী খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের পাশাপাশি সীতার ভূমিকায় দর্শকদের কাছে হাজির হচ্ছেন তিনি। জানা গেছে, ওম রাউতের পরিচালনা ও ভূষণ কুমার প্রযোজিত নতুন সিনেমায় সীতা হচ্ছেন কৃতি। দীর্ঘদিন ধরেই এই ছবির নায়িকা কে হবেন তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে সেই আলোচনার অবসান ঘটলো। ছবির প্রধান নারী চরিত্রের জন্য কৃতিকেই বেছে নিয়েছেন তারা। সাইফ ও প্রভাসের একসঙ্গে অভিনয়ের কথা প্রকাশ্যে আসতেই দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি হয়। এবার তার সঙ্গে কৃতির চুক্তিবদ্ধ হওয়া ভিন্নমাত্রা যোগ করলো। প্রযোজক জানান, কৃতি সিনেমাটির গল্প শুনেই অভিনয়ের জন্য রাজি হয়ে যান। পরিচালক ওম রাউত বলেন, ‘আমরা কৃতির মতো কাউকে খুঁজছিলাম। আমার মনে হয় কৃতিই এই চরিত্রটির জন্য উপযুক্ত। নিশ্চয় সে অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করবে।’

ইতিহাস নির্ভর এমন একটি চরিত্রে এই প্রথম অভিনয় করবেন কৃতি। তাছাড়া প্রভাস ও সাইফ আলী খানের সঙ্গে অভিনয় মানেই এই সময়ে ক্যারিয়ারে বিশাল সাফল্য। এ বিষয়ে কৃতি বলেন, ‘সিনেমাটির গল্প শুনেই আমার অনেক পছন্দ হয় এবং আমি একবাক্যে রাজি হয়ে যাই। এমন একটি চরিত্রে কাজ করা স্বপ্নের মতো। আমি খুবই খুশি যে, তারা আমাকে এই কাজটির জন্য উপযুক্ত মনে করেছেন। আর সাইফ আলী খান ও প্রভাসের সঙ্গে কাজ করবো, ভাবতেই ভালো লাগছে। এটা আমার ক্যারিয়ারে অনেক ভালো কিছু বয়ে আনবে। আর আমাদের এই জুটি নিশ্চয় ভালো একটি সৃষ্টি উপহার দেবে।’