নেত্রকোনা প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়ন ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় চা পাতা ও সুপারি জব্দ করেছে। ৩১ বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া বিওপির সুবেদার মো. শাহ্জাহান মৃধার নেতৃত্বে টহলদল বৃহস্পতিবার কাঠালবাড়ী নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩৫ কেজি ভারতীয় চা পাতা এবং ২ হাজার পিস সুপারি জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেছে। জব্দকৃত চা পাতা ও সুপারির আনুমানিক মূল্য ৩ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা।