পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
অবশেষে পাইকগাছার আলোচিত ইটভাটা বন্ধ ও ছয়টি কয়লা তৈরির কারখানা ভেঙে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেনের তত্ত্বাবধায়নে বৃহস্পতিবার উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটীস্থ যমুনা ব্রিকস এবং উপজেলার চাঁদখালীতে কয়লা তৈরীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হকের নেতৃত্বে ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় লাইসেন্সসহ অনুমোদন না থাকায় যমুনা ব্রিকসের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে অবৈধভাবে কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ করে কয়লা তৈরির অভিযোগে চাঁদখালীর ছয়টি কারখানা ভেঙে দেওয়া হয়।