শেষ মুহূর্তে গোল খেয়ে জয়বঞ্চিত ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক

গোলরক্ষকের ভুলে যোগ করা সময়ে গোল খেয়ে জয়বঞ্চিত হলো ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ওলে গুনার সোলস্যারের দল। দিনের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, টটেনহাম হটস্পার ও রোমার মতো বড় দলগুলো।

ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মাঠে নামেন ইউনাইটেডের তরুণ উইঙ্গার আমাদ ডায়ালো। নামার ৫ মিনিটের মধ্যেই ব্রুনো ফার্ন্দান্দেজের একটি ফ্রিকিকে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। ইউনাইটেডের জার্সিতে এটিই ১৮ বছর বয়সি ডায়ালোর প্রথম গোল। নির্ধারিত ৯০ মিনিটে ভিএআরের অনুপ্রবেশে মিলানের দুই দুইটি গোল বাতিল করা হয়। তবে যোগ করা সময়ে ঠিকই কাঙ্ক্ষিত অ্যাওয়ে গোলটি আদায় করে নেয় মিলান। এক কর্ণার থেকে মিলান ডিফেন্ডার সিমন কিয়ারের সাধারণ একটি হেড ইউনাইটেড গোলরক্ষক দিন হেন্ডারসন ফেরাতে ব্যর্থ হলে সমতা ফেরায় মিলান। সান সিরোতে ফিরতি লেগে একাধিক গোল করে ড্র করতে পারলেই পরের পর্বে চলে যাবে মিলান। ক্লিনশিট ও ঘরের মাঠে জয়বঞ্চিত হয়ে কিছুটা হতাশ ম্যানেজার সোলশ্যার ম্যাচশেষে বলেন, ‘সমতা ফেরানোতে আমাদের জন্য একটু কঠিন হয়ে গেলো, কিন্তু এমনিতেও দ্বিতীয় ম্যাচের পরেই তো সবকিছু নির্ধারিত হতো। হেন্ডারসন অবশ্যই এটা ফেরাতে পারতো। আমাদের উচিত ছিল আক্রমণে থাকা, যেটা আমরা একদমই করতে পারিনি আজকে। আমাদ ডায়ালো বেশ সৃজনশীল। মুক্তচিন্তা নিয়ে খেলে সে। আমাদের গোলটা ভালো ছিল। তাকে এখনো অনেক কিছু শিখতে হবে, ঐ কাজেও সে ভালোই করবে।’

শেষ ষোলো- প্রথম লেগ

      ইউনাইটেড ১    :  ১ মিলান

               প্রাহা ১    :  ১ রেঞ্জার্স

           আয়াক্স ৩    :  ০ ইয়ং বয়েজ

অলিম্পিয়াকোস ১    :  ৩ আর্সেনাল

             রোমা ৩    :  ০ শাখতার

             স্পার্স ২    :  ০ ডায়নামো