ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে দেশে ফিরে আসছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস। ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ থেকে কলম্বো ফিরছেন এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ইতিমধ্যে ৩৩ বছর বয়সি এ ক্রিকেটার ক্যারিবিয়ান ছেড়েছেন কলম্বোর উদ্দেশ্যে। হুট করে ফেরার কারণ হিসেবে পারিবারিক বিষয়ের কথাই বলেছে এসএলসি। সমস্যা মিটে গেলেও জৈব সুরক্ষা বলয়, কোয়ারেন্টাইনের কারণে ম্যাথুসের ক্যারিবিয়ানে ফেরার সম্ভাবনা খুবই কম। দাসুন শানাকার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন ম্যাথুস। তিন ম্যাচের সিরিজটা ২-১ এ হেরেছে লঙ্কানরা। তবে ব্যাট হাতে ভালো কাটেনি ম্যাথুসের। তিন ম্যাচে করেন ৫, ১৩ ও ১১ রান। অ্যান্টিগায় গত বুধবার প্রথম ওয়ানডেতেও হাসেনি ম্যাথুসের ব্যাট। ৫ রান করেছেন তিনি। ম্যাচটি শ্রীলঙ্কা হেরেছিল ৮ উইকেটে।