বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ জন আহত

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে শহরের সাতমাথা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান ছুরিকাহত হয়েছেন। মোট পাঁচ জনকে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকালে শহর থেকে ধুনট উপজেলা ছাত্রলীগের সমাবেশে যাওয়ার পথে মোটরসাইকেল ধাক্কা লাগাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফের সঙ্গে জেলা কমিটির সদস্য জাহিদ হাসানের বাগিবতণ্ডা হয়। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়ে গেলেও রাতে ধুনট থেকে ফেরার পথে আবার দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। রাত সোয়া ৯টার দিকে শহরের সাতমাথা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান তিতাস জানান, ঘটনাটি দলীয় কোনো বিষয় নয়, ব্যক্তিগত পর্যায়ে এই ঘটনা ঘটে।