নারায়ণগঞ্জে দগ্ধ পরিবার
ইত্তেফাক রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধের ঘটনায় বাবার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছে দেড় বছরের ছেলে মিনহাজ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় শিশুটি। এ নিয়ে ঐ ঘটনায় তিন জনের মৃত্যু হলো। এর আগে এই ঘটনায় মিনহাজের বাবা মিশাল ও দূর সম্পর্কের ভাই মাহফুজুল ইসলাম (১২) চিকিত্সাধীন অবস্থায় মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মিনহাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ঐ ঘটনায় দগ্ধ মিতা ১৪ শতাংশ, আফসানার ১০ ও সাব্বির ৪২ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রসঙ্গত, গত সোমবার রাতে ফতুল্লার মাজদাইল বাজার এলাকায় একটি বাড়ির ছয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়। ঐ রাতেই তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।