সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। বিএনপিকে এ নিয়ে দাবি-দাওয়া পেশ করতে হবে না। গতকাল শুক্রবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপির নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে তাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে         বলেন, তিনি বলেছিলেন ‘পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর।’ তিনি আরো বলেন, নির্বাচনে জনরায় মেনে নেওয়ার সত্সাহস শেখ হাসিনার আছে। বিএনপির উদ্দেশ্যহীন এবং ভুল রাজনীতিতে কর্মীরাই এখন তাদের নেতাদের ওপর ক্ষুব্ধ। ‘ক্ষমতা টিকিয়ে রাখতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে’ মর্মে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো আইনের বলে নয়, শেখ হাসিনা সরকার টিকে আছে মানুষের আস্থা ও ভালেবাসায়।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে এখন গুজব পার্টিতে পরিণত হয়েছে। গুজব এবং অপপ্রচারই তাদের একমাত্র ভরসা। সেজন্যই বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতা করে প্রকারান্তরে আধুনিক প্রযুক্তির বিরোধিতা করছে। ওবায়দুল কাদের বলেন, সরকার পরিচালনায় শেখ হাসিনা জনসেবা ও দেশসেবার পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন। প্রকারান্তরে বিএনপির কাছে ক্ষমতা মানে দেশ ও জনগণের সম্পদ লুণ্ঠন।