দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা টানা তৃতীয় দিনের মতো হাজারের বেশি। দৈনিক শনাক্তের হার আবারও ৬ শতাংশ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল; সেদিন ১ হাজার ৭১ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। দৈনিক শনাক্তের হার সর্বশেষ এর চেয়ে বেশি ছিল গত ৫ জানুয়ারি। সেদিন পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ৮৫ শতাংশ। এরপর কমতে কমতে তা ৩ শতাংশেরও নিচে নেমেছিল। তবে মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকায় শনাক্তের হারও বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। যা এক দিনের পরিসংখ্যানে দ্বিগুণের বেশি। সব মিলিয়ে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৫১৫ জনে। বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ২৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৯ হাজার ১৭২ জন হয়েছে। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং এক জন নারী।