আমরা কঠিন সময় পার করছি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা কঠিন সময় পার করছি। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তিনি এখন অসুস্থ। চিকিত্সার জন্য তিনি বাইরে যেতে চেয়েছেন, সেটাও করতে দেওয়া হচ্ছে না। আপনারা তাকে বাংলাদেশে রেখেই চিকিত্সা করতে বলছেন, যেখানে তার চিকিত্সা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।

গতকাল শুক্রবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এসব মন্তব্য করেন। টানা ২২ বছর পর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চের প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, রঙিন বেলুন ও সাদা কবুতর উড়িয়ে     সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

সম্মেলনে সারাদেশ থেকে আসা সংগঠনটির ৫৪৮ জন কাউন্সিলর অর্থাত্ ৭৯টি সাংগঠনিক জেলার ৩৯৫ জন এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১৫৩ জন প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যের সমাপ্তিতে সংগঠনের বিধান অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচনের পূর্বাহ্নে কৃষক দলের ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন মির্জা ফখরুল। এখন নতুন নেতৃত্ব নির্বাচন হবে। গত বছরের ২৭ ফেব্রুয়ারি শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি।

সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল আরো বলেন, ‘পদত্যাগ করুন, নির্বাচন দিন। নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নতুন সরকার আসুক, নতুন পার্লামেন্ট আসুক। তিনি বলেন, আমাদের যেসব নেতাকর্মী বন্দি আছেন তাদের সবাইকে মুক্তি দিতে হবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সেটা প্রত্যাহার করতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।’