আমার মেয়ের কিছু হলে প্রধানমন্ত্রী ও তিন শীর্ষ জেনারেল দায়ী থাকবেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হুঁশিয়ারি দিয়েছেন, তার মেয়ে মরিয়ম নওয়াজের কোনো সমস্যা হলে প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাবাহিনীর শীর্ষ তিন জেনারেল দায়ী থাকবেন। এদিকে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালানোর মানুষ নন। খবর এনডিটিভি ও জিওনিউজের

লন্ডন থেকে এক ভিডিও বার্তায় পাকিস্তান মুসলিম লীগ (এন) এর প্রধান নওয়াজ শরিফ অভিযোগ করেন, সামরিক বাহিনী হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করলে মরিয়ম নওয়াজের জীবন ধ্বংস করে দেওয়া হবে। নওয়াজ শরিফ বলেন, মরিয়মের কিছু হলে প্রধানমন্ত্রী ইমরান খান এবং তিন শীর্ষ জেনারেল দায়ী থাকবেন। নওয়াজ তার বক্তব্য টুইটারেও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, আপনারা প্রথমে করাচি হোটেলে দরজা ভেঙেছেন যেখানে মরিয়ম থাকেন। এখন আপনাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করলে জীবন শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এরকম কিছু ঘটলে প্রধানমন্ত্রী ইমরান খান, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদ এবং জেনারেল ইরফান মালিক এর জন্য দায়ী থাকবেন। ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে বাস করছেন নওয়াজ শরিফ।

যুদ্ধক্ষেত্র থেকে পালাই না : ইমরান খান

প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির বিরোধী দলগুলোকে হুঁশিয়ার করেছেন, তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালান না। এ মাসের শেষে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। এই লংমার্চের জন্য জনসমর্থন আদায়ের চেষ্টা করছে বিরোধী দলগুলো। তাদের উদ্দেশে এ কথা বলেছেন ইমরান। নিজ দল তেহরিক ই ইনসাফের (পিটিআই) বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন ইমরান খান। ঐ বৈঠকে সিনেট নির্বাচন ও সরকারবিরোধী লংমার্চ নিয়ে দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রীরা আলোচনা করেন।