স্বাধীনতা দিবসে করোনামুক্তির উত্সব করতে চান বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনা ভাইরাসের টিকা দেওয়া হলে আগামী ৪ জুলাই স্বাধীনতা দিবসে আমেরিকানবাসীর ছোট আকারে মিলিত হওয়ার সুযোগ তৈরির একটি ভালো সম্ভাবনা আছে। তিনি এ দিন করোনামুক্তির উত্সব পালন করতে চান। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম প্রাইমটাইম ভাষণে তিনি এমন মন্তব্য করেন। তবে তিনি এমন দিনে ভাষণ দিলেন যখন এক বছর আগে এই দিনেই কোভিড-১৯ কে মহামারি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট না থাকলে আগামী পাঁচ বছরেও মার্কিনিরা এত সুন্দর টিকা পেতেন না। খবর বিবিসি ও সিএনএনের

প্রেসিডেন্ট বাইডেন সব রাজ্যকেই আগামী পহেলা মের মধ্যে তাদের প্রাপ্তবয়স্ক সক্ষম সব নাগরিককে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বাইডেন বলেন, আমরা যদি ৪ জুলাইয়ের মধ্যে এটা একসঙ্গে করতে পারি, তাহলে আপনার নিজের, পরিবারের ও বন্ধুদের স্বাধীনতা দিবস উদ্যাপনে মিলিত হওয়ার ভালো সুযোগ আছে। তিনি বলেন, তার দেশ শুধু স্বাধীনতা দিবস উদ্যাপনেই নয় বরং করোনা ভাইরাস থেকেই স্বাধীনতা অর্জনের জন্য সক্ষম হবে। দেশব্যাপী টিকাদান কার্যক্রম সম্প্রসারণে বাইডেন যে পরিকল্পনা নিয়েছেন, তাতে টিকাদান কেন্দ্র ও টিকা দেওয়ার জন্য জনবলও বাড়ানো হবে। এছাড়া কিছু ভ্রাম্যমাণ টিম গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকা প্রদান করবেন। এর আগে বাইডেন তার শপথ গ্রহণের ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা দেওয়ার কথা বলেছিলেন। তবে এবার তার ভাষণে তিনি বলেছেন, সেই টার্গেট ৬০ দিনেই অর্জিত হয়েছে। তিনি স্বাস্থ্যবিধি মানা বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখ, হাত ধোয়া ও মাস্ক পরতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বাইডেন বলেন, ভাইরাসকে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফেরা জাতীয় ঐক্যের ওপর নির্ভর করছে। এ মাস থেকেই জনপ্রতি ১ হাজার ৪০০ ডলার দেওয়া হবে।

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে অনুমোদন পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের একটি পরিকল্পনায় গতকাল স্বাক্ষর করেছেন। ঐ বিল অনুযায়ী, জনপ্রতি ১ হাজার ৪০০ ডলার নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। এই প্রণোদনা চলতি মাস থেকেই শুরু হবে। একই সঙ্গে রাজ্য ও স্থানীয় সরকারগুলোর জন্য সাড়ে ৩০০ বিলিয়ন ডলার, স্কুল খোলার জন্য ১৩০ বিলিয়ন ডলার, করোনা পরীক্ষা ও গবেষণার জন্য ৪৯ বিলিয়ন ডলার এবং টিকা বিতরণের জন্য ১৪ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। বাইডেন বলেন, এই ত্রাণ প্যাকেজ তার দেশের মেরুদণ্ড পুনর্গঠন করবে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহত্ এই প্রণোদনা প্যাকেজ রিপাবলিকানদের সহায়তা ছাড়াই পাশ হয়েছে কংগ্রেসে। রিপাবলিকানরা এই বিলের সমালোচনা করে শুধু যারা আয় হারিয়েছে তাদের সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল। করোনা মহামারিতে আমেরিকায় ৫ লাখ ২৯ হাজার মানুষ মারা গেছে, আর আক্রান্ত হয়েছে অন্তত ২ কোটি ৯০ লাখ মানুষ।

আমার জন্যই এত সুন্দর টিকা : ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাসের টিকা নেওয়ার সময় সবাই তার কথা মনে রাখবেন বলে তিনি আশা করেন। তিনি প্রেসিডেন্ট না থাকলে কখনোই এই টিকা পাওয়া সম্ভব হতো না বলে মনে করেন ট্রাম্প। এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।