সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি মতিন খসরু সম্পাদক কাজল

পেশাজীবীদের মর্যাদাপূর্ণ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জয়ী হয়েছেন। এছাড়া সমন্বয় পরিষদ থেকে সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিকউল্লাহ , কোষাধ্যক্ষ পদে ইকবাল করিম, সহ-সম্পাদক পদে সাফায়েত সুলতানা রুমি জয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সহ-সভাপতি পদে জালালউদ্দিন, সহ-সম্পাদক পদে মাহমুদুল হাসান জয়ী হয়েছেন। এছাড়া সাতটি সদস্য পদের মধ্যে ৪টি সমন্বয় পরিষদের এবং তিনটিতে ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। রাত একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি নির্বাচন পরিচালনা কমিটি। তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে এ ফলাফল জানা গেছে।

আইনজীবীরা জানিয়েছেন, সভাপতিসহ ৮টিতে সমন্বয় পরিষদ এবং সম্পাদকসহ ৬টিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বিজয়ী হয়েছেন। এই দুটি প্যানেলের বাইরে নির্বাচনে অংশ নেয়া আরো দুটি প্যানেলের কোন প্রার্থী জয়ের মুখ দেখেননি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের নির্বাচন শুরু হয় বুধবার। বৃহস্পতিবার ভোটগ্রহন সম্পন্ন হয়। দুইদিনে ৫ হাজার ৪৮৬ জন আইনজীবী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে মোট প্রার্থী হন ৫১ জন। ভোটার ছিলেন সাত হাজার ৭১৯ জন আইনজীবী। নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব কমিটির আহ্বায়ক ছিলেন হাইকোর্টের সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান। তার নেতৃত্বে নির্বাচন পরিচালনা সাব কমিটি শুক্রবার বিকাল থেকে ভোট গণনার কার্যক্রম শুরু করে।