‘কী বলবো! ভাষা খুঁজে পাচ্ছি না’

রাজীব

এখন আমি যে অবস্থায় আছি তাতে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এই শোক সহ্য করার মতো না। হানিফ ভাই ও পার্থ গুহ ভাই শুধু আমার কলিগ বা কাজের ক্ষেত্রে পরিচিত ছিলেন না। তাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক ছিল। এত তাড়াতাড়ি আমাকে তারা একা করে চলে যাবেন সেটা স্বপ্নেও ভাবিনি। কীসের এত তাড়া ছিল ভাই! হানিফ ভাইয়ের সঙ্গে আমার ক্যারিয়ারের শুরু, মানে সেই ২০০৫ সাল থেকে পথচলা। আমার অনেকে কাজের সঙ্গে তার জড়িয়ে আছে। ঢাকা ও ঢাকার বাইরে অনেক কনসার্ট আমরা একসঙ্গে করেছি। তিনি এতটাই ভালো মানুষ ছিলেন যে, সবার হাসিমুখ দেখতে ভালোবাসতেন তিনি। শুধু লোক দেখানো ভালো রাখা নয়, তিনি মন থেকে অন্যকে ভালো বা হাসিখুশি রাখতে পারতে। এটা ছিল তার অসাধারণ গুণ। সকলের সহযোগিতায় সবসময় আগে সবার আগে এগিয়ে আসতেন। আমাদের পরিবারকে সচল রাখতে এবং গানই যেহেতু আমাদের পেশা তাই সবসময়ই আমাদের বিভিন্ন জায়গায় সড়ক পথেই যেতে হয়। বেশিরভাগ সময় আমাদের এই রাস্তাতেই কাটে। তবে একটা কথা ভেবে খুব বেশি কষ্ট পাচ্ছি, তা হলো-আমি হানিফ ভাইকে বলেছিলাম এই কনসার্টটিতে আমার সঙ্গে আপনি এয়ারে চলেন। আর এখান থেকে মিউজিশিয়ান না নিয়ে চট্টোগ্রাম থেকেই নিয়ে নেবো। কিন্তু উনি আগেই এখান থেকে মিউজিশিয়ান ঠিক করার কারণে সেটা হয়ে ওঠেনি। যদি আমার কথা শুনতে পারতেন তাহলে হয়তো আজ এই দৃশ্যের অবতারণা না-ও হতে পারতো! আল্লাহ যেন আমার ভাইদের অনেক ভালো রাখেন।

লেখক :সংগীতশিল্পী