শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরকা

শ্রীলঙ্কায় নারীদের বোরকা পরিধান নিষিদ্ধ করা হচ্ছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হচ্ছে ১ হাজারেরও বেশি মাদ্রাসা। দেশটির এক মন্ত্রী শনিবার এ কথা জানান। রয়টার্স

জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় নিরাপত্তাজনিত’ কারণে মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে শুক্রবার তিনি ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, ‘আমাদের সময়ে অতীতে মুসলিম মহিলা ও মেয়েরা কখনো বোরকা পরত না। এটি ধর্মীয় চরমপন্থার লক্ষণ, যা সাম্প্রতিককালে এসেছে। আমরা অবশ্যই এটা নিষিদ্ধ করতে যাচ্ছি।’ ২০১৯ সালে শ্রীলঙ্কায় ইসলামি জঙ্গিদের বোমা হামলায় ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর দেশটিতে বোরকা পরা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ঐ বছর চরমপন্থা দমনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগার বিদ্রোহীদের দমন করে রাজাপাকসে বেশ পরিচিতি পেয়েছিলেন। বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের সময় রাজাপাকসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ এসেছিল। যদিও তিনি এসব অস্বীকার করেছেন।