ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে সাড়ে ১৪ কেজি ভারতীয় রুপার অলংকারসহ আব্দুর রশিদ নামের এক চোরাচালানিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজের সামনে একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ফুলবাড়ী গ্রামের জামাত আলি মালিতার ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাপথে আনা রুপার অলংকারের চালান বাসযোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ভেটেরিনারি কলেজের সামনে বাসে তল্লাশি করে। এ সময় আব্দুর রশিদকে সাড়ে ১৪ কেজি রুপার অলংকারসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত অলংকারের মূল্য ১৮ লাখ টাকা। সদর থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।