গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণ, দগ্ধ ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছে। বিস্ফোরণে ঘরের দেওয়াল ধসে পড়ে। গতকাল শনিবার ভোরে সিটি করপোরেশনের কাশিমপুরের ভূইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—গাইবান্ধা সদর থানার চাপাদহ পূর্বপাড়া এলাকার মামুন মিয়া ওরফে সুমন (৩২), মামুনের স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও সন্তান সাকিন মাহমুদ (৫)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জিএমপির কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা ও স্থানীয়রা জানান, মামুন সপরিবারে ভূইয়াপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্ত্রী গৃহিণী এবং ছেলে সাকিন মাহমুদ স্থানীয় মাদ্রাসার ছাত্র। প্রতিদিনের মতো গতকাল ভোরে খাবার তৈরি করতে মরিয়ম রান্নাঘরে যান। চুলা জ্বালাতে দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রান্নাঘরসহ বসতঘরের দেওয়াল ধসে পড়ে এবং দরজা বাইরের দিকে ঝুলে পড়ে। এ সময় আগুনে মরিয়ম ও ঘরে ঘুমন্ত স্বামী-সন্তান দ্বগ্ধ হন। শব্দ শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভায় এবং দ্বগ্ধ তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

ওসি আরো বলেন, ঘরসহ রান্নাঘরটি সেফটিক ট্যাংকির ওপর নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় সেফটিক ট্যাংকি অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশলাইয়ের আগুন ঘরের ভেতরে জমে থাকা গ্যাসের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটেছে। তবে গ্যাসলাইনের বা চুলার লিকেজ থেকে, নাকি সেফটিক ট্যাংকির ভেতরে জমে থাকা গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।