রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মো. মুন্না খান, ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম আবু হানিফ হূদয়, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাকিম ভুঁইয়া, সাংবাদিক এস এম রোবেল মাহমুদ, শারমিন সুলতানা চৈতি প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হোসেন হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে।