শন উইলিয়ামস ও ডোনাল্ড তিরিপানোর ১২৪ রানের অবিচ্ছেদ্য অষ্টম উইকেট জুটিই চতুর্থ দিনে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারা থেকে রক্ষা করেছে। আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪২ রানে ৭ উইকেট পড়ে গেলেও এই জুটির কল্যাণে আফগানিস্তানের চেয়ে ৮ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে সফরকারীরা। আগের দিনই জিম্বাবুয়ের ওপর ফলো-অন চাপিয়ে দিয়েছিল আফগানরা। চতুর্থ দিনের শুরুতেও রশিদ খানের ঘূর্ণির সামনে সুবিধা করতে পারছিল না উইলিয়ামসরা। দ্বিতীয় সেশনে যখন ১৪২ রানে জিম্বাবুইয়ানদের সপ্তম ব্যাটসম্যান সাজঘরে ফিরে যায়, তখন ইনিংস ব্যবধানে পরাজয়ই চোখ রাঙানি দিচ্ছিল; কিন্তু উইলিয়ামসের অধিনায়কসুলভ ইনিংস ও সঙ্গে তিরিপানোর দৃঢ় ব্যাটিংয়ে ভর করে সেই লজ্জা থেকে বেঁচে যায় জিম্বাবুইয়ানরা।