এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজটা নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। অ্যান্টিগায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সিরিজে ২-০ তে পিছিয়ে থাকা সফরকারী লঙ্কানদের জন্য আজকের ম্যাচটা হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ। অন্যদিকে ক্যারিবিয়ানরা মুখিয়ে থাকবে টানা তিন জয়ে পূর্ণ পয়েন্ট সংগ্রহ করতে। গত শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে এভিন লুইসের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজরা। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৭৩ রান তুলেছিল লঙ্কানরা। অধিনায়ক করুনারত্নে ৯৬, চান্দিমাল ৭১, হাসারাঙ্গা ৪৭ রান করেন। জবাবে ২ বল হাতে রেখে ৫ উইকেটে ২৭৪ রান তুলে ম্যাচ জিতে নেয় পোলার্ডের দল। এভিন লুইস ১০৩, শাই হোপ ৮৪, পুরান অপরাজিত ৩৫ রান করেন।