বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) উদ্যোগে শাহীন হলে গতকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাফওয়ার সভানেত্রী ইয়াসমিন জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকায় বসবাসকারী বিমান বাহিনীর সদস্যগণের পত্নী এবং মহিলা কর্মকর্তাগণের উপস্থিতিতে বাফওয়া কেন্দ্রীয় পরিষদ, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশার এবং ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বাফওয়া আঞ্চলিক শাখা জহুরুল হক, মতিউর ও পাহাড়কাঞ্চনপুরের সদস্যাগণ যুক্ত হন।
অনুষ্ঠানে বাফওয়া কর্তৃক প্রকাশিত স্মরণিকা ‘অভ্রনীল’-এর দ্বিতীয় সংখ্যার উন্মোচন করা হয়। এ উপলক্ষ্যে বাফওয়ার সভানেত্রী ইয়াসমিন জামান বলেন, স্মরণিকাটি বাফওয়ার সার্বিক কর্মকাণ্ডের দর্পণস্বরূপ এবং এর মাধ্যমে বিমান বাহিনীর সদস্যাবৃন্দের পরিবার ও সন্তানদের মননশীলতা ও সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগ ফুটে উঠেছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তা কাউন্সেলিং সাইকোলজিস্ট ড. মেহতাব খানম বর্তমান সামাজিক প্রেক্ষাপটে প্রাত্যহিক জীবনে নারীর চ্যালেঞ্জ, সমাজ উন্নয়নে নারীর ভূমিকা, বর্তমান পরিস্থিতিতে কীভাবে নারীরা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে এবং নানাবিধ সামাজিক সমস্যা সমাধানকল্পে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।—আইএসপিআর